শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বড়লেখায় পুলিশ তদন্ত কেন্দ্রের কাছেই টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ১১:০৬:১৬ পূর্বাহ্ন

বড়লেখায় পুলিশ তদন্ত কেন্দ্রের কাছেই টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামে প্রাকৃতিক টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্র ও ইউনিয়ন ভূমি অফিসের কাছেই প্রকাশ্যে টিলা কেটে ট্রাক ও ট্রাক্টরে করে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা গেছে, পূর্ব দৌলতপুর এলাকায় শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও ভূগা ইউনিয়ন ভূমি অফিস থেকে কয়েক শ মিটার দূরে মৃত আলকাছ আলীর মালিকানাধীন প্রায় ৩০ থেকে ৪০ ফুট উঁচু একটি প্রাকৃতিক টিলা কাটা হচ্ছে। কয়েকজন শ্রমিক শাবল দিয়ে টিলার মাটি কেটে নিচে ফেলছেন। পরে ট্রাক ও ট্রাক্টরে করে সেই মাটি নিয়ে রাস্তার পাশের নিচু জমি ভরাট করা হচ্ছে। ইতোমধ্যে টিলাটির সিংহভাগ কেটে ফেলা হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মাটি শ্রমিক জানান, স্থানীয় বিভিন্ন ব্যক্তিকে ম্যানেজ করে মাটির ঠিকাদার টিলা কেটে বিভিন্ন মালিকের ভিটা ভরাট করে দিচ্ছেন বলে তাঁরা শুনেছেন। তাঁরা মজুরির বিনিময়ে শ্রমিক হিসেবে কাজ করছেন।

পরিবেশকর্মী নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী টিলা বা পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। এ কাজে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি টিলা কাটা থেকে বিরত রাখতে প্রশাসনকে সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন, টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এর আগে ওই এলাকায় টিলা কাটার অভিযোগে জরিমানা করা হয়েছিল। তিনি জানান, রাতের আঁধারে লুকিয়ে টিলা কাটার বিষয়টি তাঁরা জেনেছেন এবং পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। কোনোভাবেই টিলা কাটা যাবে না বলেও জানান তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর