পুলিশের হাতে গ্রেফতারের পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স। তাঁকে ঘিরে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এবার তাঁর মা-বাবাসহ একই পরিবারের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় প্রিন্সসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া অন্যরা হলেন প্রিন্সের মা শামী আক্তার পলি (৩৮), বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছোট বোন এবং প্রিন্সের বন্ধু ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ (২১), দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের ইফাত আলম রাবিদ (২১), ধর্মপাশা উপজেলার সাদিপুর গ্রামের শাহরিয়ার সাদি (১৯) ও সিলেটের ভাদেরশ্বর গ্রামের তাকরিব রহমান তানহির (২০)।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পরে রোববার (১ নভেম্বর) দুপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে বাদে গ্রেফতার হওয়া বাকি সাতজনকে সুনামগঞ্জের আদালতে হাজির করা হয়।
গ্রেফতার ও আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাতে নাশকতার মামলার আসামি হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যে তিনি হাজতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
পুলিশের অভিযোগ, প্রিন্সকে ঘিরে তাঁর মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করেন। এ সময় পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এসব অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজকের সিলেট/ জেকেএস
সুনামগঞ্জ প্রতিনিধি 








