এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে গ্যাসের চাপ কমে যাওয়ায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির গ্রাহককে সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে।
সোমবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর (বুধবার) সকাল ৮টা থেকে ৭ নভেম্বর (শনিবার) বিকেল ৪টা পর্যন্ত এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ কারণে এ চার দিন টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকায় সারাদেশের পাশাপাশি জালালাবাদ গ্যাসের আওতাধীন বিতরণ এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস ব্যবহারে সাময়িক সমস্যা হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








