মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী সোনারিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ১১:০৮:৩২ পূর্বাহ্ন

শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী সোনারিকা


শৈশবের কিছু স্মৃতি সময়ের সঙ্গে মুছে যায় না; বরং নীরবে বয়ে বেড়াতে হয় সেই ক্ষত। তেমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ করেছেন তেলুগু চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ সোনারিকা ভাদোরিয়া। জনপ্রিয় পৌরাণিক ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতী চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী জানিয়েছেন, মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্তোরাঁয় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন সোনারিকা। তিনি জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্তোরাঁয় যান তাঁরা। সেখানেই ঘটে ওই ঘটনা।

অভিনেত্রীর অভিযোগ, রেস্তোরাঁর একটি দরজা থেকে অন্য দরজায় যাওয়ার মাঝখানে অন্ধকার একটি জায়গায় তাঁর পাশাপাশি হাঁটছিলেন সেখানকার ম্যানেজার। কয়েক পা এগোনোর পর ওই ব্যক্তি তাঁর শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। এমনকি বুকে হাত দিয়ে চেপে ধরেন বলেও অভিযোগ করেন সোনারিকা।

হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে গিয়েছিলেন শিশুটি। তখন কী ঘটেছে, তা পুরোপুরি বুঝে ওঠার মতো বয়সও হয়নি তাঁর। ভয় ও অস্বস্তিতে কাউকে কিছু বলতে পারেননি। পরে কৈশোরে পৌঁছে মায়ের কাছে সেই ঘটনার কথা জানান তিনি।

সোনারিকা জানান, নিজের সঙ্গে ঘটে যাওয়া ওই অভিজ্ঞতার কথা বাবাকে কখনো বলেননি। তাঁর ধারণা ছিল, বাবা বিষয়টি জানতে পারলে রেস্তোরাঁর ম্যানেজারের ওপর ক্ষোভ প্রকাশ করতেন। সাক্ষাৎকারে শৈশবের সেই দুঃসহ স্মৃতির কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।

‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতী চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সোনারিকা ভাদোরিয়া। এ ছাড়া ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত সলিম অনারকলী’ এবং ‘ইশক্‌ মে মরজাবা’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর