সড়কের পাশে পড়ে থাকা একটি কাভার্ড ভ্যান ঘিরে সন্দেহের সূত্র ধরে তল্লাশি চালিয়ে মিলেছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য। হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদির একটি চালান জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্য ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবির পক্ষ থেকে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নির্দিষ্ট একটি কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এর অংশ হিসেবে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্টে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের চালক গাড়িটি সড়কের পাশে ফেলে পালিয়ে যান।
পরে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি উদ্ধার করা হয়। চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ সব মালামাল জব্দ করে বিজিবি।
এ ঘটনায় যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা জিরা, মেহেদি ও কাভার্ড ভ্যান কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সব সময় তৎপর রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








