সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাই করে ১৭টি মামলা করেছে উপজেলা টাস্কফোর্স। বিভিন্ন নথিতে ত্রুটি পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় এসব মামলা করা হয়। একই সঙ্গে ১৭টি বাস থেকে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ কার্যালয়ের সমন্বয়ে গঠিত উপজেলা টাস্কফোর্স অভিযানে অংশ নেয়। এতে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানের সময় মহাসড়কে চলাচলকারী বাসগুলোর ফিটনেস, নিবন্ধন, ট্যাক্স, রোড পারমিট এবং চালকদের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। যাচাই-বাছাইয়ে বিভিন্ন ধরনের ত্রুটি ধরা পড়লে ১৭টি বাসের বিরুদ্ধে পৃথক ১৭টি মামলা করা হয়। পরে এসব মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে ত্রুটিপূর্ণ কাগজপত্র দ্রুত সংশোধন ও হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, গত আগস্ট মাস থেকে উপজেলায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বাসগুলোর ট্যাক্স, লাইসেন্স নবায়ন, রোড পারমিট ও গাড়ির ফিটনেস ঠিক আছে কি না, তা পর্যালোচনা করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ১৭টি মামলা করে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব, সুনামগঞ্জ বিআরটিএর মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেল এবং শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের নাজির আবু বকরসহ সংশ্লিষ্টরা।
আজকের সিলেট/ জেকেএস
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 








