দক্ষিণ সুরমা এলাকার পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নিন
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫২ PM

‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সুপারিশ

দক্ষিণ সুরমা এলাকার পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০৭:১৩:০৪ PM

দক্ষিণ সুরমা এলাকার পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নিন


দুষণ ও দখলে বিলুপ্ত প্রায় সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি নদ-নদী-খাল-নালা-বিল উদ্ধার করে পানি নিস্কাশন ব্যবস্থার আধুনিকায়ন ও জলপথ সংস্কারের সুপারিশ জানিয়েছে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’। 

গত শনিবার রাতে নগরির স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ আয়োজিত সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।

গৃহিত প্রস্তাবে বলা হয়, নিকট অতীতে বরাক, ধাপ্পাই, বাসিয়া, গিরগিট, বড়বাঘা, বেটুয়া ইত্যাদি নামে সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা এলাকায় প্রচুর ছোট-ছোট নদ-নদী, খাল-নালা-বিল, উন্মুক্ত জলাশয় ছিল। তাই বৃষ্টি বা বন্যার পানি সহজেই নিস্কাশন হয়ে যেতো। কিন্তু কালের পরিক্রমায় এবং ভূমিখেকো চক্রের করালগ্রাসে এসব নদ-নদী, খাল-নালা-বিল বা উন্মুক্ত জলাশয় বেদখল অথবা পলি পড়ে ভরাট হয়ে গেছে। এরফলে বর্তমানে সামান্য বৃষ্টিতেই গোটা দক্ষিণ সুরমা এলাকায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করে। যে কারণে এলাকার পানি নিস্কাশন ব্যবস্থার দিন দিন অবনতি ঘটছে। এ অবস্থা থেকে উত্তরণে জনস্বার্থে পানি নিস্কাশন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুগোপযোগী ও সূদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ এবং এর আলোকে ভূমিখেকো চক্রের দখল থেকে এ এলাকার নদ-নদী, খাল-নালা-বিল বা উন্মুক্ত জলাশয় উদ্ধারপূর্বক পুনঃখনন ও সংস্কার সময়ের দাবিতে পরিণত হয়েছে।     

সংগঠনের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল আহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর-এর পরিচালনায় এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন  হাজী ফরিদুর রহমান, নুরুল ইসলাম ‍সুমন, শেখ মোঃ লায়েক মিয়া, দিলোয়ার হোসেন রানা, মোঃ ছয়েফ খান, অ্যাডভোকেট মোঃ মামুন হোসেন, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, তনজুল আহমদ চিশতি, মোঃ খলিল মিয়া, আনোয়ার হোসেন জুবায়ের, কিবরিয়া আহমদ অপু প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সিনিয়র সদস্য হাজী মোঃ ফুল মিয়া।

সভায় ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ কর্তৃক প্রণীত পূর্বের ২১ দফা সুপারিশনামার আলোকে সমন্বয়ের মাধ্যমে নতুনভাবে ২১ দফা সুপারিশ সাজানো হয়। শিগগির-ই স্মারকলিপি আকারে প্রণীত সুপারিশনামা জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন বিভাগে পেশ করা হবে।

সভার সাংগঠনিক প্রস্তাবে গঠিত আহবায়ক কমিটিতে হাজী মোঃ ফুল মিয়া, আনোয়ার হোসেন জুবায়ের, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলী, শাহ মোঃ এখলাছ মিয়া ও কিবরিয়া আহমদ অপুকে কো-অপ্ট করা হয়।

আহবায়ক কমিটির পরবর্তী সভা আগামী ২৭ জুন শনিবার বাদ মাগরিব একই স্থানে অনুষ্ঠিত হবে। এতে সকলকে অংশ নেয়ার জন্য সভার পক্ষ থেকে আহবান জানানো হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর