বিশ্বকাপের উন্মাদনায় রঙিন সিলেট, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উৎসব
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৫৬ PM

বিশ্বকাপের উন্মাদনায় রঙিন সিলেট, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উৎসব

জনি কান্ত শর্মা

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ০২:৫২:২২ PM

বিশ্বকাপের উন্মাদনায় রঙিন সিলেট, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উৎসব

ছবি : সংগৃহীত


ফুটবল বিশ্বকাপ ২০২৬কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে সিলেটেও। নগর থেকে গ্রাম সবখানেই এখন বিশ্বকাপের আমেজ। যেন লাল-সবুজের এই দেশটি আবারও বিভক্ত হয়েছে দুই শিবিরে একদিকে আর্জেন্টিনার সমর্থকরা, অন্যদিকে ব্রাজিলের ভক্তরা। অন্যান্য দেশের সমর্থক থাকলেও সংখ্যার দিক থেকে তারা তুলনামূলকভাবে অনেকটাই পিছিয়ে।

বিশ্বকাপ সামনে রেখে সিলেট নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি, বাসাবাড়ির ছাদ, ব্যবসাপ্রতিষ্ঠান এবং চায়ের আড্ডায় এখন ফুটবলই আলোচনার কেন্দ্রবিন্দু। কোথাও উড়ছে আকাশছোঁয়া আর্জেন্টিনার নীল-সাদা পতাকা, কোথাও আবার ব্রাজিলের হলুদ-সবুজ রঙের পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রিয় দলের প্রতি সমর্থন জানানোর প্রতিযোগিতা।

বিশ্বকাপের এই উৎসবকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে চলছে আনন্দঘন খুনসুটি, তর্ক-বিতর্ক ও নানা আয়োজন। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডা সবখানেই এখন একটাই আলোচনা, কে জিতবে এবারের বিশ্বকাপ? আর্জেন্টিনা নাকি ব্রাজিল কার হাতে উঠবে সোনালি ট্রফি?

বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে এমন আবেগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই বিশ্বকাপ এলেই দেশের ফুটবলপ্রেমীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। সিলেটেও তার ব্যতিক্রম ঘটেনি। জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দেখা যাচ্ছে পতাকা টানানো, ব্যানার লাগানো এবং নিজ নিজ দলের জার্সি পরে সমর্থন জানানোর দৃশ্য।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসরের। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, বার্না বয়, জে বালভিন, টাইলা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, লিলা ডাউনস এবং লস অ্যাঞ্জেলেস আজুলেসসহ আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা। বর্ণিল আলোকসজ্জা, নৃত্য, সংগীত এবং মেক্সিকোর ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা পরিবেশনার মাধ্যমে বিশ্বকাপকে স্বাগত জানানো হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর একই ভেন্যু অ্যাজটেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের প্রতিপক্ষ ছিল। 

ফুটবলপ্রেমীদের মতে, বিশ্বকাপ কেবল একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির একটি উপলক্ষ। আর সেই আবেগে ভেসেই বিশ্বকাপ শুরুর আগেই উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট।

এখন সিলেটসহ সারা দেশের ফুটবলপ্রেমীদের মুখে একটাই প্রশ্ন আর্জেন্টিনা নাকি ব্রাজিল, কে হবে ২০২৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন? এর উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। তবে তার আগেই বিশ্বকাপের রঙে রঙিন হয়ে উঠেছে সিলেট সহ পুরো বাংলাদেশ।

আজকের সিলেট/এপি/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর