গোয়াইনঘাটে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ PM

গোয়াইনঘাটে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৩:৩১:১৯ PM

গোয়াইনঘাটে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন


নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়া ঠেকানোর দাবিতে সিলেটের গোয়াইনঘাটে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া খাওইউড়া সংলগ্ন নদীর তীরে ‘হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে মানববন্ধনে পুকাশ ও হাতির পাড়া গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকেরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, আবজল, সয়ফুল, আমিন ও ফারুকের নেতৃত্বে একটি প্রভাবশালী বালু খেকো চক্র দীর্ঘদিন ধরে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু তুলছে। তাদের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন তীব্র হয়েছে। এতে হাতির পাড়া ও পুকাশ গ্রামের শত শত একর ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে।

বক্তারা বলেন, দ্রুত এই কার্যক্রম বন্ধ করা না হলে দুই গ্রামের ফসলি জমি মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, অবৈধ বালু খেকোদের আগ্রাসনে এলাকার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ায় সাধারণ মানুষের উপার্জনের পথও বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন স্থানীয় মুরব্বি ও সমাজসেবক আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম, ইজ্জত উল্লাহসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নদীভাঙন ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর