রাষ্ট্রপতির সিলেট সফরকে ‘গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ’ বললেন আরিফুল হক চৌধুরী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ PM

রাষ্ট্রপতির সিলেট সফরকে ‘গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ’ বললেন আরিফুল হক চৌধুরী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৩:৫৫:২১ PM

রাষ্ট্রপতির সিলেট সফরকে ‘গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ’ বললেন আরিফুল হক চৌধুরী


আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতির সফর উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেট সফরের সময় রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি তিনি নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। এ কারণে সফরের সঙ্গে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সফরে সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। তাদের সমন্বয়ে একটি তালিকা প্রস্তুত করে যথাযথভাবে আমন্ত্রণ জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

সভায় মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর জেলা প্রশাসন সেই অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করবে। রাষ্ট্রপতির সিলেটে পৌঁছানো থেকে শুরু করে সফর শেষে বিদায় নেওয়া পর্যন্ত প্রতিটি কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

তিনি রাষ্ট্রপতির সফর সফল করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর