শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

মাধবপুরে শিমের বাম্পার ফলনের সম্ভাবনা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ ১০ হেক্টর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০৯:১৭:৫২ পূর্বাহ্ন

মাধবপুরে শিমের বাম্পার ফলনের সম্ভাবনা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ ১০ হেক্টর


সবুজের বিস্তীর্ণ মাঠজুড়ে শিমগাছ, গাছে গাছে সাদা ফুল আর পাতার আড়ালে ঝুলছে সম্ভাবনাময় শিম। অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় হবিগঞ্জের মাধবপুরে চলতি মৌসুমে শিমের বাম্পার ফলনের আশা জেগেছে। ভালো ফলনের পাশাপাশি বাজারে সন্তোষজনক দাম থাকায় লাভের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাধবপুরে প্রায় ২৮০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর আবাদ বেড়েছে ১০ হেক্টর। স্থানীয় বাজারে শিমের চাহিদা ভালো এবং চাষে লাভের সম্ভাবনা থাকায় প্রতিবছরই এ সবজি উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ছে।

জগদীশপুর এলাকার শিমচাষি সাইফুল ইসলাম জানান, বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে এই দাম অব্যাহত থাকলে এবং মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার শিম চাষ থেকে ভালো লাভ পাওয়া সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে শিমের আবাদ হওয়া কৃষি খাতের জন্য অত্যন্ত ইতিবাচক। শিমের উৎপাদন ভালো রাখতে কৃষকদের সঠিক পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং রোগবালাই দমনের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার উৎপাদিত সবজির বাজারদর যেন কৃষকদের অনুকূলে থাকে এবং তাদের হাড়ভাঙা পরিশ্রমের যথাযথ মূল্য নিশ্চিত হয়, সে লক্ষ্যে প্রশাসন কাজ করছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর