শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ, ৩ দিনের মধ্যে নির্দেশনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০৫:৩২:২১ অপরাহ্ন

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ, ৩ দিনের মধ্যে নির্দেশনা


এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এ জন্য আগ্রহী শিক্ষার্থীদের নতুন করে ফরম পূরণ করতে হবে। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার তারিখ, ফরম পূরণের সময়সূচি ও অন্যান্য বিষয় জানিয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শনিবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তাঁরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে। এরপর পুনরায় পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের ফরম পূরণের কার্যক্রম শুরু হবে। নির্দেশনায় ফরম পূরণের সময়সীমা ও পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে।

এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে নতুন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে কবে থেকে ফরম পূরণ শুরু হবে এবং কত দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে, তা এখনো নির্ধারণ করে জানানো হয়নি। শিক্ষা বোর্ডগুলোর আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ, আর ছাত্রদের ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের অকৃতকার্য হওয়ার হার ৫২ দশমিক ২৫ শতাংশ এবং ছাত্রীদের ৪৩ দশমিক ৬৯ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। সাধারণ বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে, ৬১ দশমিক ৮০ শতাংশ। আর সর্বনিম্ন বরিশাল বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

এ ছাড়া রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ।

সামগ্রিক ফলাফলে পাসের হার কমে যাওয়ায় বিপুলসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন পরীক্ষার দিনক্ষণ ও ফরম পূরণের প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হতে শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর