মাধবপুরে স্কাউটদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ PM

মাধবপুরে স্কাউটদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০২:৩৩:৩৩ PM

মাধবপুরে স্কাউটদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু


হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ স্কাউটসের উপজেলা শাখার উদ্যোগে পঞ্চম উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্স শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৭ জন স্কাউটকে নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণ ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার সকালে প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. মেহেদী হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্কাউটিংকে শুধু সহশিক্ষা কার্যক্রম হিসেবে দেখলে হবে না। শিক্ষার্থীদের সুশৃঙ্খল, দায়িত্বশীল, আত্মনির্ভরশীল ও মানবিক হিসেবে গড়ে তুলতে এটি কার্যকর একটি মাধ্যম। এর মধ্য দিয়ে নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, সময়ানুবর্তিতা ও দেশপ্রেমের মতো গুণের চর্চা হয়।

মো. মেহেদী হাসান বলেন, একজন ভালো স্কাউট নিজের দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা অর্জন করে। দুর্যোগ, সামাজিক সংকট কিংবা মানুষের বিপদের সময়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার প্রস্তুতি তৈরিতেও স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও দেশসেবার চেতনায় গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কাউট কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজেদের জীবনে কাজে লাগানোর পাশাপাশি বিদ্যালয় ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য অংশগ্রহণকারী স্কাউটদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কবির হোসেন এবং উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্কাউট কমিশনার সোলেমান মিয়া।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী প্রশিক্ষণে পঞ্চম উপদল নেতা ও ষষ্ঠক নেতা—দুই গ্রুপে মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৪৭ জন স্কাউট অংশ নিচ্ছে। প্রশিক্ষণে নেতৃত্বগুণ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও স্কাউটিংয়ের মৌলিক দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর