সিলেটের ক্রীড়ামোদী দর্শকদের জন্য শিগগিরই সুখবর আসছে বলে জানিয়েছেন সিলেট ওয়াসার চেয়ারম্যান, মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেটের সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
তিনি জানিয়েছেন, অতিশীঘ্রই ঢাকা মোহামেডান ও সিলেট মোহামেডান ক্লাবের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
শনিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সবুজ সেনা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল শহীদ জিয়া স্মৃতি ফুটবল ক্লাবের পরিচালক, কোচ ও বিজয়ী খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। পরে ব্যাপক আনন্দ উদযাপন ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, ওই প্রীতি ম্যাচে টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্য থেকে অনেকেই খেলার সুযোগ পাবেন বলে তিনি আশা করছেন। তার ভাষায়, ‘তোমরা প্রথমে সিলেটকে প্রতিনিধিত্ব করবে। তারপর জাতীয়ভাবে বাংলাদেশকেও একদিন প্রতিনিধিত্ব করবে।’
তিনি আরও বলেন, একজন খেলোয়াড়কে গড়ে তুলতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
ক্লাবের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা লায়ন আসাদুল হক আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, সিলেট শিক্ষক সমিতির বিভাগীয় আহবায়ক মোঃ মনিরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়ছল আলম এবং কোষাধ্যক্ষ মোঃ ফয়ছল আমিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ তায়েফ। এ সময় আরও উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মারুফ আহমদ টিপু, জাসাস নেতা মনজুরুল হাসান, কোচ খালেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ক্লাবটির পরিচালক কাউসার আহমদ সুমন, সমাজকর্মী রুবেল আহমদসহ বিজয়ী খেলোয়াড়বৃন্দ ও ক্রীড়ামোদী দর্শকরা।
আজকের সিলেট/ এপি/ জেকেএস









