জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ AM

জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৯:৪৪:০৭ AM

জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। ডব্লিউএইচও ও বাংলাদেশের পক্ষ থেকে তার বিরুদ্ধে জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের তদন্ত চলার মধ্যেই তিনি পদত্যাগ করলেন বলে জানিয়েছে রয়টার্স।

বুধবার রাতে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুসের কাছে পদত্যাগপত্র পাঠান সায়মা ওয়াজেদ। চিঠিতে তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর সেবা করার লক্ষ্যেই তিনি আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছিলেন এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তবে ডব্লিউএইচওর মহাপরিচালকের নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা উল্লেখ করে তিনি লিখেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে ক্রমাগত বাধার মুখে পড়তে হয়েছে। একই সঙ্গে প্রায় এক বছর ধরে কোনো বেতন বা পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।

সায়মা ওয়াজেদ ২০২৪ সালের শুরুর দিকে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তবে গত বছরের শেষ দিকে তাকে অবৈতনিক ছুটিতে পাঠানো হয়। এর আগে ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে। এরপর ওই বছরের জুলাই মাসে প্রথমবার তাকে ছুটিতে পাঠানো হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, তাদের হাতে আসা ডব্লিউএইচওর কাছে সায়মা ওয়াজেদের আইনজীবীদের পাঠানো গত বছরের ৩ জুলাইয়ের একটি চিঠিতে অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরা হয়েছিল। সেখানে বলা হয়, ডব্লিউএইচও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত আর্থিক জালিয়াতি এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনেছে।

পদত্যাগপত্রের তথ্যের বরাতে রয়টার্স আরও জানিয়েছে, বাংলাদেশে অবৈধভাবে একটি জমি দখলের অভিযোগও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে তুলেছে ডব্লিউএইচও। তবে এ অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি জমিটির মালিক হন। বাংলাদেশের একটি আইনের আওতায় ওই জমি পাওয়ার অধিকারও তার ছিল বলে দাবি করেন তিনি। ওই আইনে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের এ সুবিধা দেওয়া হয়েছিল।

ভ্রমণসংক্রান্ত আর্থিক জালিয়াতির অভিযোগও অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ। গত জুলাইয়ে ডব্লিউএইচওকে দেওয়া আইনজীবীদের চিঠিতে তিনি জানান, রুটিনভিত্তিক রিইম্বার্সমেন্ট বা খরচ তোলার আবেদন প্রক্রিয়ায় একজন সহকারীর প্রশাসনিক ত্রুটির কারণে ৯০১ ডলারের বিষয়টি তৈরি হয়েছিল।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের জবাবে তিনি বলেন, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এই যোগ্যতার বিষয়টি তিনি ডব্লিউএইচওর মহাপরিচালককে স্পষ্টভাবেই জানিয়েছিলেন বলেও দাবি করেন।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে ডব্লিউএইচওর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। গত মাসে সংস্থাটি জানিয়েছিল, সায়মা ওয়াজেদ ছুটিতে রয়েছেন। তবে গোপনীয়তার কারণ দেখিয়ে তার মামলাসংক্রান্ত বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি ডব্লিউএইচও।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেই দুটি সূত্র জানিয়েছিল, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে অপসারণের পরিকল্পনা করছে জাতিসংঘের এই সংস্থাটি।

সূত্রগুলোর একজনের দাবি, ডব্লিউএইচও আগামী ১২ অক্টোবর আঞ্চলিক পরিচালকের পদের জন্য মনোনয়ন ঘোষণা করবে। এরপর ডিসেম্বরে আবেদনগুলো যাচাই-বাছাই করা হবে এবং আগামী ২৪ জানুয়ারি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকরা বিশ্বের প্রভাবশালী স্বাস্থ্যনীতি কর্মকর্তাদের অন্যতম। রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি স্থানীয় বাস্তবতার সঙ্গে সংস্থাটির নীতিগুলো সমন্বয় করাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলো প্রতি পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে আঞ্চলিক পরিচালক নির্বাচন করে।

সায়মা ওয়াজেদের পদত্যাগ এমন এক সময়ে হলো, যখন ২০২৪ সালের মাঝামাঝি একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতনের প্রভাব তার রাজনৈতিক সহযোগীদের পাশাপাশি পরিবারের সদস্যদের ওপরও পড়েছে। শেখ হাসিনার অনেক সহযোগীর বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে এবং তাদের অনেকে হাসিনার মতো স্বেচ্ছায় নির্বাসনে জীবন কাটাচ্ছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর