বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজন গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০৫:৪৫:১৩ অপরাহ্ন

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজন গ্রেফতার


মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে অপর ছয়জনকে ভারতে যেতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের আগে ওই এলাকার একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়।

পরে ওই বসতঘরে অভিযান চালালে পালানোর চেষ্টা করেন সেখানে থাকা ব্যক্তিরা। এ সময় আটজনকে আটক করা হয়।

কে এম শহিদুল ইসলাম সোহাগ আরও জানান, হারিছ আলী ও আবুল আলী অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করছিলেন বলে অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের কেউই ভারতে যাওয়ার জন্য বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।

পরে গ্রেফতার আটজনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর