বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ও স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০১:০৭:১৫ অপরাহ্ন

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ও স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ


শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষার মান আর স্কুল ফিডিং কর্মসূচির কার্যক্রম সরেজমিনে দেখতে হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান তিনি। সেখানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্কুল ফিডিং কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

বিদ্যালয় পরিদর্শনের একপর্যায়ে প্রথম শ্রেণির শ্রেণিকক্ষে যান ববি হাজ্জাজ। এ সময় তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মান এবং পাঠদানের পদ্ধতি সম্পর্কেও খোঁজখবর নেন।

সফরসূচি অনুযায়ী, এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আজকের সিলেট/ ইমন আহমেদ/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর