বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নির্বাচনের ফল মেনে নেবেন, বিরোধীদের সঙ্গে কাজেও রাজি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ১১:১৯:৩৮ পূর্বাহ্ন

নির্বাচনের ফল মেনে নেবেন, বিরোধীদের সঙ্গে কাজেও রাজি ট্রাম্প


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে ফলই আসুক, তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, নির্বাচনে বিরোধী দল ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি ‘পুরোপুরি প্রস্তুত’।

নির্বাচনের মধ্যেই দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকব। সম্ভবত আমরা কোনো একটা সমাধানে পৌঁছাতে পারব।’

এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা এমন কয়েকটি আসনে জয় পেয়েছেন, যেগুলো দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এসব ফলের মধ্য দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে।

নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের আগামী দুই বছরের আইন প্রণয়ন ও নীতিনির্ধারণী কার্যক্রম কতটা নির্বিঘ্নে এগোবে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের ওপর নজরদারি এবং তদন্ত পরিচালনার সুযোগও তাদের বাড়বে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা দাঁড়াতে পারে ২৪৮টি। অন্যদিকে রিপাবলিকানরা পেতে পারে ১৮৭টি আসন। এই ফলের মধ্য দিয়ে নিম্নকক্ষে আবারও সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি।

সিনেটেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দলটির। নির্বাচনে পাঁচটি আসন বাড়িয়েছে ডেমোক্র্যাটরা। টেক্সাস, কানসাস, সাউথ ক্যারোলাইনা, ওহাইও ও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিয়েছে তারা। এর ফলে সিনেটের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে।

টেক্সাসে ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে পরাজিত করেছেন। প্রায় তিন দশক পর অঙ্গরাজ্যটিতে রাজ্যব্যাপী কোনো নির্বাচনে জয় পেলেন একজন ডেমোক্র্যাট প্রার্থী। কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিলটন।

এদিকে ওহাইওতে জয় পেয়েছেন সাবেক সিনেটর শেরড ব্রাউন। নর্থ ক্যারোলাইনায় বিজয়ী হয়েছেন সাবেক গভর্নর রয় কুপার।

আগামী ৩ জানুয়ারি থেকে নতুন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার্যকর হবে। ফলে ট্রাম্পের মেয়াদের বাকি সময়ে আইন প্রণয়ন, সরকারি ব্যয় নির্ধারণ এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে রিপাবলিকানদের ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় যেতে হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর