বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

মামাকে বিয়ে, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন রাধিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ১১:১১:১২ পূর্বাহ্ন

মামাকে বিয়ে, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন রাধিকা


চিত্রনাট্যের প্রয়োজনে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল চরিত্রটিকে। পাশাপাশি নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল রাধিকা আপ্তেকে। তেলুগু ছবিতে কাজ করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। তবে ছবির গল্প থেকে শুরু করে কাজের পরিবেশ কোনোটিই তাঁর ভালো লাগেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ছবিতে অভিনয়ের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। আর তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনও কিছুই আমার ভালো লাগেনি।’

শুধু ছবির কাহিনি নয়, সহশিল্পীর বয়সের ব্যবধান এবং শুটিংয়ের পরিবেশ নিয়েও অস্বস্তি ছিল অভিনেত্রীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে নিজের থেকে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। গোটা বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন।’

যে ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে রাধিকা এমন মন্তব্য করেছেন, সেটির নাম অবশ্য প্রকাশ করেননি তিনি। তবে তাঁর বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ ছবিটির কথাই বলেছেন অভিনেত্রী। ওই সিনেমায় বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা।

তাঁর মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বালকৃষ্ণের অনুরাগীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটি ২০১৪ সালের ‘লেজেন্ড’। ছবিতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালকৃষ্ণ। তবে চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে সমস্যা থাকলে ছবিটি করার আগেই তা বলা উচিত ছিল।’

আরেকজন রাধিকার মন্তব্যের সমালোচনা করে লিখেছেন, ‘অভিনেত্রী আদিল হুসেনের সঙ্গে ‘পার্চড’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। সেখানে বয়সের ব্যবধান নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। শুধু দক্ষিণী ছবিতে বালকৃষ্ণ বা রজনীকান্তের মতো অভিনেতাদের বয়স নিয়ে আপত্তি করছেন তিনি।’

রাধিকার অভিজ্ঞতা নিয়ে করা মন্তব্যের পর একদিকে যেমন দক্ষিণী ছবির কাজের পরিবেশ ও চিত্রনাট্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যের পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন অনেকে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর