বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবার পেল চাল, নগদ অর্থ ও অন্যান্য সহায়তা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০৫:২৮:৩৮ অপরাহ্ন

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবার পেল চাল, নগদ অর্থ ও অন্যান্য সহায়তা


আগুনের আকস্মিক ছোবলে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের দুর্দশা কিছুটা লাঘবে সহায়তার হাত বাড়িয়েছে উপজেলা প্রশাসন, সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। পরিবারগুলোর মধ্যে চাল, নগদ অর্থ, কম্বল, শাড়ি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাই সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু ছাইদ, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীতল সূত্রধর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহআলম মিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক জুনেদ মিয়া।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেন, অগ্নিকাণ্ডের আকস্মিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি জানান, মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা, কম্বল, শাড়ি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে জেলা পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর