বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিয়ের কাবিনের টাকা নিয়ে বিরোধ, দিরাইয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০

আশরাফ উদ্দিন, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০৮:২৭:২৪ অপরাহ্ন

বিয়ের কাবিনের টাকা নিয়ে বিরোধ, দিরাইয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০


প্রেমের সম্পর্ক, পালিয়ে যাওয়া এবং পরবর্তী সময়ে বিয়ের আয়োজন নিয়ে আলোচনার একপর্যায়ে বিরোধ গড়াল রক্তক্ষয়ী সংঘর্ষে। সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের কাবিনের টাকার পরিমাণ নির্ধারণ নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন মাটিয়াপুর গ্রামের জাকারিয়া (১৮), রিপা বেগম (১৯) ও মাহি সর্দার (২০) এবং হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিন (৬৩) ও রহিম উদ্দিন (৭৫)। কর্তব্যরত চিকিৎসক মনি রানী তালুকদার তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর বিষয়টি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের আফতাব আলীর ছেলের সঙ্গে প্রতিবেশী হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মাটিয়াপুর গ্রামের রমজান মিয়ার সঙ্গে হলিমপুরের ওই কিশোরী পালিয়ে যায়।

পরদিন বুধবার দুপুরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেন দুই গ্রামের স্বজন ও স্থানীয় মুরব্বিরা। বিয়ের প্রস্তুতি ও এ বিষয়ে আলোচনার জন্য উভয় পক্ষ একসঙ্গে বৈঠকে বসেন। তবে বৈঠক চলাকালে বিয়ের কাবিনের টাকার পরিমাণ নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এতে বৈঠকের পরিবেশ মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ঘটনার বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর