হবিগঞ্জের লাখাইয়ে বুল্লাবাজার-মধ্য সিংহগ্রাম সড়কের পুনঃসংস্কারকাজ শুরু হলেও তা শেষ হওয়ার আগেই নির্ধারিত সময়সীমা পার হয়ে গেছে। আংশিক কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান তা ফেলে রাখায় গুরুত্বপূর্ণ সড়কটির এখন বেহাল অবস্থা। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
সড়কটির মধ্য সিংহগ্রাম অংশে রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক, একাধিক মাদ্রাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে যাতায়াতসহ স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় দীর্ঘদিন ধরে সংস্কারকাজ অসম্পূর্ণ থাকায় ভোগান্তি আরও বেড়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ৮০০ মিটার দীর্ঘ সড়কটি পুনঃসংস্কারের জন্য ৩০ লাখ টাকা ব্যয়ে ‘খাদিজা এন্টারপ্রাইজ’কে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ পাওয়ার পর প্রতিষ্ঠানটি কাজ শুরু করলেও কিছু অংশে কাজ করার পর তা বন্ধ করে দেয়। এরপর আর কাজ এগোয়নি।
এদিকে, গত আগস্ট মাসে সড়কটির পুনঃসংস্কারকাজ শেষ করার নির্ধারিত সময়সীমাও শেষ হয়েছে বলে জানিয়েছে এলজিইডি।
এ বিষয়ে খাদিজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইদুল ইসলাম সোয়েবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কাজের সময়সীমা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে পুনঃসংস্কারকাজ শেষ হয়নি। ঝড়-বৃষ্টির কারণেও বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি 








