সিলেট নগরীর ব্যস্ত লালদিঘীরপাড় মার্কেটের সামনে থেকে মো: শাহাবুদ্দিন আহমেদের একটি পালসার মোটরসাইকেল চুরি হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলের মালিক শাহাবুদ্দিন আহমেদ সিলেটের লালদিঘীরপাড় হাকার্স মার্কেটের রিদয় এন্ড ব্রাদার্স এর সত্তাধিকারী।
শাহাবুদ্দিন আহমেদ জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি তার পালসার মোটরসাইকেলটি (সিলেট ল-১১ ১৩০৯) লালদিঘীরপাড় মার্কেটের সামনে রেখে কিছুটা দূরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, নির্দিষ্ট স্থানে মোটরসাইকেলটি নেই।
পরে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তিনি জানতে পারেন, এক ব্যক্তি তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে গেছে। ফুটেজে চুরির ঘটনাটি ধরা পড়লেও পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মোটরসাইকেলের মালিক শাহাবুদ্দিন আহমেদ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নগরীর এমন ব্যস্ত একটি এলাকা থেকে প্রকাশ্যে মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চুরি যাওয়া মোটরসাইকেলটি দ্রুত উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন শাহাবুদ্দিন আহমেদ।
আজকের সিলেট/এপি/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








