বুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে রুবেল চৌধুরীর প্রার্থিতা ঘোষণা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ PM

বুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে রুবেল চৌধুরীর প্রার্থিতা ঘোষণা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০২:৪০:৩২ PM

বুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে রুবেল চৌধুরীর প্রার্থিতা ঘোষণা


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের পৈলাবাড়ি গ্রামে সাধারণ সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক রুবেল চৌধুরী। ঘোষণার পর থেকেই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়সহ নির্বাচনী তৎপরতা শুরু করেছেন তিনি।

এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখা করে তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন রুবেল চৌধুরী। তার প্রার্থিতার ঘোষণাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আলোচনা শুরু হয়েছে।

রুবেল চৌধুরী বলেন, নির্বাচিত হলে ৯নং ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করবেন। সাধারণ মানুষের পাশে থেকে একটি আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ওয়ার্ডের সার্বিক উন্নয়নকে প্রধান লক্ষ্য হিসেবে নেবেন। সরকারি যা পারিশ্রমিক আসে, তা সম্পূর্ণ কাজে লাগানোর কথাও জানান তিনি।

সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন রুবেল চৌধুরী। তিনি স্বচ্ছতা গ্রুপ, সৃজন গ্রুপ, তাকওয়া ইসলামী ফাউন্ডেশন ও রক্তদান সংগঠনের সঙ্গে কাজ করছেন। নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহায়তা এবং টিউবওয়েল স্থাপনের মতো বিভিন্ন মানবিক কার্যক্রমেও তিনি যুক্ত রয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রুবেল চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। তরুণ ও নতুন নেতৃত্ব হিসেবে তার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণায় ৯নং ওয়ার্ডে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতাও ধীরে ধীরে বাড়ছে। এর মধ্যেই সাধারণ সদস্য পদে রুবেল চৌধুরীর প্রার্থিতা ঘোষণায় নির্বাচনী মাঠে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর