একদিনে আরও একজনের মৃত্যু, সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ PM

একদিনে আরও একজনের মৃত্যু, সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ১১:৫০:০৪ AM

একদিনে আরও একজনের মৃত্যু, সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ


সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি হওয়ার বদলে নতুন করে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৬ জন। এর ফলে বিভাগে হাম ও রুবেলা রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৫৭ জন সন্দেহজনক হাম রোগী।

মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন।

এর বাইরে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৯ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৯ জন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪৫৭ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন আছেন ১৬৫ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রয়েছেন ১৪৬ জন। এছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে ৩৫, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪২ এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন চিকিৎসা নিচ্ছেন।

রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ভর্তি রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যে শিশুটির মৃত্যু হয়েছে, সে হবিগঞ্জ জেলার বাসিন্দা। দুই বছর বয়সী শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

জেলা অনুযায়ী মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, সিলেটে সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত ৬০ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে এই সংখ্যা যথাক্রমে ১৮ ও ৪ জন। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১৩ জন এবং নিশ্চিত হাম রোগে একজন মারা গেছেন। সুনামগঞ্জে সন্দেহজনক হাম রোগে ৫৮ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে।

সব জেলা মিলিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৪৯ জন। নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০ জন। সব মিলিয়ে হাম ও রুবেলা রোগে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা এখন ১৫৯ জন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, আক্রান্ত রোগীর সংখ্যা এবং হাসপাতালে ভর্তি হওয়ার চাপ—দুটিই এখনো উল্লেখযোগ্যভাবে কমেনি। একদিনে নতুন করে ১৪৬ জন হাসপাতালে ভর্তি হওয়ায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম রোগীদের চিকিৎসা দিতে চাপ অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর