দীর্ঘদিন পর দেশে ফেরার কথা, তার আগেই সৌদিতে প্রাণ গেল দুই কানাইঘাট প্রবাসীর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ PM

দীর্ঘদিন পর দেশে ফেরার কথা, তার আগেই সৌদিতে প্রাণ গেল দুই কানাইঘাট প্রবাসীর

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ১১:৩৫:৫৩ AM

দীর্ঘদিন পর দেশে ফেরার কথা, তার আগেই সৌদিতে প্রাণ গেল দুই কানাইঘাট প্রবাসীর


দেশে ফেরার সব প্রস্তুতি শেষ করেছিলেন সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদ। হাতে ছিল বিমানের টিকিট, স্বজনরাও অপেক্ষায় ছিলেন তাদের ফেরার। কিন্তু জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে ফেরার যাত্রাটিই শেষ পর্যন্ত তাদের জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়ায়।

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দায় যাওয়ার পথে বিমানবন্দরগামী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হলে চার বাংলাদেশি নিহত হন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গাড়ির চালকসহ চারজন রয়েছেন।

নিহতদের দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তারা হলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। দুজনই কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। দেশে ফেরার টিকিট হাতে নিয়ে লাগেজসহ তারা তায়েফ থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হন। পথে আল-খুরমা এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে তাদের আর বিমানে ওঠা হয়নি।

দুই প্রবাসীর মৃত্যুর খবর কানাইঘাটে পৌঁছানোর পর তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে আসে। যারা প্রিয়জনদের ফিরে আসার অপেক্ষায় ছিলেন, সেই পরিবারগুলোতে মুহূর্তেই নেমে আসে কান্না। এলাকায়ও তৈরি হয় শোকাবহ পরিবেশ।

দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পাওয়ার পর তিনি দুই পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গিয়েছেন। তার ভাষায়, পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি।

কানাইঘাটের প্রবাসীদের জন্য এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। চলতি বছরের জুন মাসে কাতারে সড়ক দুর্ঘটনায় উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যু হয়। এর শোক কাটতে না কাটতেই জুলাই মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও একজন কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়।

এবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম ও খালিদ আহমদের মৃত্যুর ঘটনায় কানাইঘাটে আবারও শোকের আবহ তৈরি হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর