সিলেটে চার রেস্টুরেন্টে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা ৩০ হাজার টাকা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ PM

সিলেটে চার রেস্টুরেন্টে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা ৩০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৬:৪৭:১৮ PM

সিলেটে চার রেস্টুরেন্টে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা ৩০ হাজার টাকা


সিলেট নগরের চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে নগরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে গঠিত এ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানে পাঁচ ভাই, বেঙ্গল লাউঞ্জ, পানসী ও রাজবাড়ি রেস্টুরেন্টের রান্নাঘর, ফ্রিজ, খাবার সংরক্ষণের ব্যবস্থা এবং নিবন্ধন-সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়।

পরিদর্শনের সময় বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টের রান্নাঘরে নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠান দুটিকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

অভিযানে পানসী রেস্টুরেন্টে উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে রাজবাড়ি রেস্টুরেন্টের নিবন্ধন নিয়ে জটিলতার বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, প্রায় দুই বছর আগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হলেও এখনো নিবন্ধন সনদ পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আহমেদ লুনা বলেন, নিবন্ধন সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রদান করা হয়। কাগজপত্রে কোনো ঘাটতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে তিনি জানান, পরিদর্শন করা রেস্টুরেন্টগুলোর খাবারের মূল্য তাদের কাছে অস্বাভাবিক মনে হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নগরের রেস্টুরেন্টগুলোতে খাবারের মান, রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় নিবন্ধন নিয়মিতভাবে তদারকি করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর