তাহিরপুর উপজেলা পরিষদ থেকে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়গামী গুরুত্বপূর্ণ সড়কের পাকা অংশে বড় গর্ত তৈরি হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি থাকায় ওই স্থানে সতর্কতামূলকভাবে লাল নিশান টানানো হয়েছে। উপজেলা পরিষদ থেকে প্রায় ১০০ মিটার পশ্চিমে সড়কটির এই অংশের কারণে বড় যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে।
তাহিরপুর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী চলাচল করে। পাশাপাশি পর্যটকবাহী গাড়িও নিয়মিত এই সড়ক ব্যবহার করে। বর্তমানে ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে পায়ে হেঁটে ও অটোরিক্সায় চলাচল করছেন শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন।
ভাটি তাহিরপুর গ্রামের অটোরিক্সা চালক ফারুক মিয়া বলেন, বড় ধরনের গর্তের কারণে সড়কটি দিয়ে এখন আর বড় যানবাহন চলাচল করতে পারছে না। দুর্ঘটনা এড়াতে অটোরিক্সাও সতর্কতার সঙ্গে চালাতে হচ্ছে। রাস্তার ক্ষুদ্র মেরামতের জন্য ১৫টি মাটি ভর্তি বস্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্কতা হিসেবে লাল নিশান টানানোর কাজে স্থানীয় যুবক আবুল হাসান তাদের সহযোগিতা করেছেন।
সড়কটি দিয়ে নিয়মিত চলাচলকারী গোবিন্দশ্রী গ্রামের লুৎফুর রহমান লাকসাব বলেন, রাতের বেলায় এই পথে চলাচল করতে আতঙ্কের মধ্যে থাকতে হয়।
তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদ তৌফিক জানান, তিনি প্রতিদিন এই রাস্তা দিয়ে তাহিরপুর বাজারে যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ সড়কটির এমন অবস্থার কারণে শুধু স্থানীয় মানুষই নন, উপজেলা প্রশাসনের গাড়িও চলাচল করতে পারছে না। দ্রুত সড়কটি মেরামতের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।
ভাটি তাহিরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান বলেন, সড়কটি মেরামতের বিষয়ে তিনি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন। দ্রুত সময়ের মধ্যেই রাস্তার মেরামত ও সংস্কারের কাজ করা হবে বলে তাকে জানানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, তাহিরপুর উপজেলা পরিষদ তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় সড়কের গর্তের অংশটি মেরামতের বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সভায় আলোচনা হয়েছে। সভায় উপজেলা পরিষদের অর্থায়নে দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক বলেন, রাস্তাটি মেরামত ও সংস্কারের বিষয়টি উপজেলা সমন্বয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরুর জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








