আদালতের সিদ্ধান্ত পেলেই সিলেটে পাথর উত্তোলনে পদক্ষেপ: প্রবাসীকল্যাণ মন্ত্রী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ PM

আদালতের সিদ্ধান্ত পেলেই সিলেটে পাথর উত্তোলনে পদক্ষেপ: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৪:০০:৩৫ PM

আদালতের সিদ্ধান্ত পেলেই সিলেটে পাথর উত্তোলনে পদক্ষেপ: প্রবাসীকল্যাণ মন্ত্রী


সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংকে সংরক্ষিত রেখে জেলার অন্যান্য পাথরসমৃদ্ধ এলাকায় সীমিত পরিসরে পাথর উত্তোলনের বিষয়ে নীতিগতভাবে এগোচ্ছে সরকার। তবে এই উদ্যোগ বাস্তবায়নের আগে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার। সবকিছু অনুকূলে থাকলে চলতি পাথর উত্তোলন মৌসুমেই এ বিষয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় সিলেটে পাথর উত্তোলনের বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছয়জন মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।

আরিফুল হক চৌধুরীর ভাষ্য অনুযায়ী, আদালতের আদেশে সংরক্ষিত জাফলং এলাকা অক্ষত রাখার পাশাপাশি সিলেটের অন্যান্য এলাকায় হস্তচালিত পদ্ধতিতে পাথর উত্তোলনের বিষয়ে কমিটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। তবে সেটি কার্যকর করার ক্ষেত্রে আদালতের নির্দেশনাই গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, পাথর উত্তোলন নিয়ে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তাই আদালতের চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে আছে সরকার। আদালতের সিদ্ধান্ত পাওয়ার পরদিন থেকেই সেই রায় অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চলতি মৌসুমে পাথর উত্তোলন শুরু করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার বাদীপক্ষ আদালতে তাদের বক্তব্য যথাযথভাবে তুলে ধরেছে এবং সরকারপক্ষও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তাঁর প্রত্যাশা, চলতি মৌসুমেই পাথর উত্তোলন শুরু করা সম্ভব হবে।

সরকারের এই নীতিগত অবস্থানের ফলে জাফলংয়ের সংরক্ষণ নিশ্চিত রেখে সিলেটের অন্যান্য পাথরসমৃদ্ধ এলাকায় সীমিত ও হস্তচালিত পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে। তবে এই উদ্যোগের চূড়ান্ত বাস্তবায়ন নির্ভর করছে আদালতের রায়ের ওপর।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর