জগন্নাথপুর-সিলেট সড়কের বেহাল দশা, সওজের অধীনে নেওয়ার দাবি
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৯ PM

জগন্নাথপুর-সিলেট সড়কের বেহাল দশা, সওজের অধীনে নেওয়ার দাবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০১:২৪:৫৮ PM

জগন্নাথপুর-সিলেট সড়কের বেহাল দশা, সওজের অধীনে নেওয়ার দাবি


গর্ত আর খানাখন্দে নাজেহাল সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে সিলেট যাতায়াতের প্রধান সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে পিচ ও সুরকি উঠে গেছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই উপজেলার লাখ লাখ মানুষ; ঘটছে দুর্ঘটনাও।

সড়কটির স্থায়ী সংস্কার ও প্রশস্তকরণের উদ্যোগ নিতে সেটিকে দ্রুত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে ন্যস্ত করার দাবি জানিয়েছেন জগন্নাথপুরের বাসিন্দারা।

তাদের ভাষ্য, জগন্নাথপুর থেকে বিশ্বনাথ হয়ে সিলেটে পৌঁছানোর গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন স্বাভাবিক যান চলাচলের জন্য প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যানবাহন চলাচলের সময় এসব গর্তে পড়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যাত্রীদের পাশাপাশি চালকরাও প্রতিনিয়ত দুর্ভোগের মুখে পড়ছেন।

দ্রুত সওজের অধীনে নিয়ে সড়কটির সংস্কারকাজ শুরু না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সংসদ সদস্য কয়ছর আহমেদ বলেন, ‘জগন্নাথপুর-সিলেট সড়কটি স্থানীয় মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমি জানি। সড়কটি দ্রুত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে নিয়ে বড় এবং আধুনিক করার পূর্ণ পরিকল্পনা আমাদের রয়েছে।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথপুর ও বিশ্বনাথবাসীর এই ন্যায্য দাবি বাস্তবায়নে আমি আন্তরিকভাবে কাজ করছি এবং খুব শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, ‘জগন্নাথপুর-সিলেট রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে নেওয়ার জন্য কাজ চলছে। সড়ক ও জনপথ বিভাগ রাস্তার মাপ-জোক শুরু করেছে।’

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সড়কটি সওজের অধীনে এনে দ্রুত সংস্কার ও প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হলে জগন্নাথপুর ও বিশ্বনাথের সঙ্গে সিলেটের যোগাযোগব্যবস্থা আরও কার্যকর হবে। একই সঙ্গে দীর্ঘদিনের দুর্ভোগও কমবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর