সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের উদ্যোগ বন্ধ করে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে টেপবল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, সিলেট।
রোববার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি রিপন কুমার দের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনটি জমা দেওয়া হয়। এতে প্রস্তাবিত মেলা বন্ধ অথবা অন্য কোনো উপযুক্ত স্থানে স্থানান্তরের জন্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে বলা হয়, শাহী ঈদগাহ খেলার মাঠ দীর্ঘদিন ধরে এলাকার শিশু-কিশোর, তরুণ ও ক্রীড়াপ্রেমীদের খেলাধুলা এবং অনুশীলনের গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পরিচালনায় স্থানীয় খেলোয়াড়দের জন্য মাঠটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংগঠনটির ভাষ্য, দীর্ঘ সময় ধরে মাঠটি মেলার কাজে ব্যবহার করা হলে নিয়মিত খেলাধুলা ও অনুশীলন ব্যাহত হতে পারে। পাশাপাশি মাঠের স্বাভাবিক পরিবেশ ও ব্যবহারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে একই দাবিতে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। সেখানেও শাহী ঈদগাহ খেলার মাঠ খেলাধুলার জন্য সংরক্ষণের দাবি জানানো হয়।
টেপবল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, সিলেটের পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, তরুণ প্রজন্মের খেলাধুলার সুযোগ এবং মাঠের স্বাভাবিক ব্যবহার বিবেচনায় নিয়ে বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হোক। একই সঙ্গে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আজকের সিলেট/এপি









