সুনামগঞ্জের শাল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১৫ লিটার চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরণ ৬০০ লিটার ওয়াশ জব্দ করা হয়েছে। এ ঘটনায় রব্বানী (৩০) ও জিয়াউর রহমান (৪৪) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক এজাহার দায়ের করা হয়েছে। অভিযানের সময় দুজনই পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ সূত্রে জানা যায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানাধীন নারকিলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপ-পরিদর্শক মোঃ আতাউর রহমান সজীবের নেতৃত্বে বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মনিতা সিনহা, সিপাই টিপু কুমার চন্দ, নাঈমুল ইসলাম ও রাজিব গোয়ালা অংশ নেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নারকিলা গ্রামের জিয়াউর রহমানের দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের সাদা জেরিকেন থেকে ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। একই অভিযানে চোলাইমদ তৈরির উপকরণ হিসেবে তিনটি প্লাস্টিকের ড্রামে রাখা ২০০ লিটার করে মোট ৬০০ লিটার ওয়াশ জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৫ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, দুপুর সাড়ে ১টার দিকে একই গ্রামের রব্বানীর দখলীয় গোয়ালঘরে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের সাদা জেরিকেন থেকে ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এ আলামতের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
অভিযানকালে উদ্ধার করা চোলাইমদ ও ওয়াশ থেকে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পৃথকভাবে সীলগালা করা হয়। অবশিষ্ট ওয়াশ পচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অনুপযোগী হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে বিনষ্ট করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় জিয়াউর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ও ৩৭ ধারায় এবং রব্বানীর বিরুদ্ধে একই আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় শাল্লা থানায় নিয়মিত মামলা রুজুর আবেদন করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সঙ্গীব।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই আসামিই কৌশলে পালিয়ে যায়। জব্দকৃত আলামত ও নমুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের বিভাগীয় হেফাজতে রয়েছে।
শাল্লা থানার ওসি মোহাম্মদ সোহেল বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








