কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে চালক নিখোঁজ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ PM

কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে চালক নিখোঁজ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৩:২২:৪৭ PM

কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে চালক নিখোঁজ


মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে প্রিতম এরিক (পিতু) নামের এক চালক নিখোঁজ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে এক যাত্রীকে নিয়ে প্রিতম এরিক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পাড়ে টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারান। এরপর টমটমটি নদীতে পড়ে গেলে চালকও পানিতে তলিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ে যাওয়ার পর প্রিতম স্থানীয়দের সহায়তা চেয়ে চিৎকার করেন। কয়েকজন দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাদের চোখের সামনেই তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে বিভিন্নভাবে তার সন্ধান চালাতে থাকেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে নদী থেকে টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ প্রিতম এরিক দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার টমাস এরিকের ছেলে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। মৌলভীবাজারে ডুবুরি দল না থাকায় সিলেট থেকে ডুবুরি দল আসছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর