ডেঙ্গু নিয়ন্ত্রণে সিসিকের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সহযোগিতা চান প্রশাসক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ PM

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিসিকের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সহযোগিতা চান প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৩:২১:৪৭ PM

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিসিকের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সহযোগিতা চান প্রশাসক


ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) একক উদ্যোগ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তাঁর মতে, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। রোববার সকালে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সিসিকের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নগর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে সিসিক প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন এবং এডিস মশার লার্ভা ধ্বংসে বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। কিন্তু এসব কার্যক্রমের পরও মশা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ কাজে সফলতা পাওয়া কঠিন।

তিনি বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত দেখতে হবে। পানি জমতে পারে—এমন পাত্র ও স্থান পরিষ্কার রাখার পাশাপাশি বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের চারপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও নাগরিকদের নিতে হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান সিসিক প্রশাসক। তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে সিটি করপোরেশন সর্বাত্মকভাবে কাজ করবে। তবে সরকারি উদ্যোগের সঙ্গে জনগণের অংশগ্রহণ যুক্ত হলে কর্মসূচির কার্যকারিতা আরও বাড়বে।

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধকে শুধু সিটি করপোরেশনের দায়িত্ব হিসেবে দেখলে চলবে না। এটিকে সামাজিক দায়িত্ব হিসেবে নিতে হবে। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার জন্য নাগরিকদের অনুরোধ জানান।

র‌্যালিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, লাইসেন্স অফিসার রুবেল আহমদ নান্নু, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর