সিলেটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ PM

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ১২:৪২:৩২ PM

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু


মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সিলেটে শুরু হয়েছে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে শনিবার আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান ও জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য পরিচ্ছন্নতা কার্যক্রমকে সাময়িক কর্মসূচি হিসেবে না দেখে নিয়মিত সামাজিক উদ্যোগে পরিণত করতে হবে। এ কাজে পদ-পদবির কোনো বিষয় নেই; সবাইকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে অংশগ্রহণ করতে হবে।

তিনি বলেন, প্রতি শনিবার এক ঘণ্টা করে সময় দিয়ে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা গেলে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তিনি সবাইকে কর্মসূচিটি সফল করার আহ্বান জানান।

মোঃ মশিউর রহমান আরও বলেন, মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, সিলেট জেলায় আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। নির্ধারিত রুটিন অনুযায়ী বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম চালানো হবে।

তিনি নিজ নিজ এলাকার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা ও সাঈদা পারভীন, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা। এ ছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিএনসিসি, স্কাউটস, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর