নারী-তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষায় নতুন আইনের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ PM

নারী-তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষায় নতুন আইনের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৩:০১:০২ PM

নারী-তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষায় নতুন আইনের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী


সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে আইআরআইয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, আইআরআইয়ের টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক এবং তরুণ রাজনীতিবিদ ও আইআরআই প্রশিক্ষণার্থী চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স।

বৈঠকে জন ফ্লুহার্টি আইআরআইয়ের চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চা বিষয়ক কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচারের কারণে হয়রানি ও মানহানির শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে সরকারি ও বিরোধী দলগুলোর জন্য সর্বসম্মত নীতি এবং আইনগত সুরক্ষার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসংগত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশ এবং গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে।

তবে তিনি বলেন, গঠনমূলক সমালোচনার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন বা গালিগালাজকে এক করে দেখার সুযোগ নেই।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনটি পরিমার্জনের আগে গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনিয়র সম্পাদক এবং সুশীল সমাজের অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ডিজিটাল পরিসরে শালীনতা ফিরিয়ে আনা, নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষা দেওয়া এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই সংশোধিত আইনের মূল লক্ষ্য। একই সঙ্গে আইনের কোনো ধরনের অপব্যবহার যাতে না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।

সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি এবং ডিজিটাল নিরাপত্তা আরও শক্তিশালী করতে সরকার আন্তর্জাতিক ও স্থানীয় অংশীজনদের ইতিবাচক পরামর্শকে স্বাগত জানাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর