সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে হবে, কেউ পিছিয়ে থাকবে না: প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৬ ০১:১৫:৪৭ পূর্বাহ্ন

উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে হবে, কেউ পিছিয়ে থাকবে না: প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক


মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তন, জ্বালানির মূল্য, জলবায়ু পরিবর্তন এবং ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। আমাদের লক্ষ্য হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন, যেখানে উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাবে এবং কেউ পিছিয়ে থাকবে না।

রোববার বিকেল সাড়ে ৪টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ইকোনোভা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি বিভাগের সংগঠন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইয়াং ইকোনমিস্ট ফোরামের উদ্যোগে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘বিউন্ড ইকোনোমিক্স, টুয়ার্ডস ইম্প্যাক্ট’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার বিকাশ, সৃজনশীলতা এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়ন।

আয়োজনে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছিল ‘ইকোনকোয়েস্ট’ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছিল ‘ইকোভিশন’।

ইকোনকোয়েস্টে সিলেট নগরীর ২০টি কলেজের শিক্ষার্থীরা অর্থনীতিবিষয়ক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেয়। অন্যদিকে, ইকোভিশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমসাময়িক অর্থনৈতিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে গবেষণাধর্মী চিন্তাভাবনা, উদ্ভাবনী ধারণা ও উপস্থাপনা তুলে ধরেন।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. উম্মে হুমাইরা মান্নির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুদ রানা, আইন অনুষদের ডিন প্রফেসর শেখ আশরাফুর রহমান এবং প্ল্যানিং ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর