বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শাবিপ্রবি শিক্ষার্থী বাঁধনের মৃত্যু, আইসিইউতে ছিলেন নয় দিন

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ১০:০০:১৯ পূর্বাহ্ন

শাবিপ্রবি শিক্ষার্থী বাঁধনের মৃত্যু, আইসিইউতে ছিলেন নয় দিন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন (২১) মারা গেছেন। কীটনাশক পান করার পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নয় দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী।

শাহরিয়ার বাঁধন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা জেলায়। তিনি ক্যাম্পাসের পাশের টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।

সহপাঠীদের সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে মেসে থাকা অবস্থায় কীটনাশক পান করেন বাঁধন। প্রথমে বিষয়টি কাউকে জানাননি তিনি। পরে রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি বুঝতে পেরে সহপাঠী এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাঁকে আইসিইউ-২-এর ১৭ নম্বর শয্যায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

শিক্ষক ও শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক তরুণীর সঙ্গে বাঁধনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই তরুণী ও তাঁর এক আত্মীয়ের সঙ্গে ফোনে বাঁধনের কথাকাটাকাটি ও মান-অভিমান হয়। বাঁধনের ব্যবহৃত মুঠোফোনে এ-সংক্রান্ত কল রেকর্ড ও বার্তা পাওয়া গেছে বলে জানা গেছে।

রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী বলেন, চিকিৎসক বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে শিক্ষকেরা হাসপাতালে যান। যবিপ্রবির এক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রেমঘটিত কলহের জেরে বাঁধন কীটনাশক পান করেছেন বলে তাঁরা জানতে পেরেছেন।

অধ্যাপক ইকবাল আহমেদ সিদ্দিকী আরও জানান, প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে পড়ার সময়ও বাঁধন ইঁদুরের বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় তাঁকে চার থেকে পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, প্রশাসনিক ও পুলিশি আইনি প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। মরদেহ গোসল করিয়ে কাফন পরানোর পর ক্যাম্পাসে নিয়ে আসা হবে। ক্যাম্পাসেই তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর