সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ১২৩ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে পরীক্ষাগারে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। হামের উপসর্গ নিয়ে নতুন কোনো মৃত্যুর খবরও পাওয়া যায়নি। বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১৩ জন মৌলভীবাজার সদর হাসপাতালে, ১০ জন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে, চারজন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
নতুন রোগী ভর্তি হলেও বর্তমানে বিভাগটির বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৪৭৯ জন। তাঁদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৬ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৬২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে মোট ১ হাজার ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪২৯ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন। তবে হবিগঞ্জের শনাক্ত রোগীর সংখ্যার মধ্যে দুজন রুবেলা আক্রান্ত রোগীও অন্তর্ভুক্ত।
এদিকে, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৮২ জন সন্দেহভাজন এবং ১০ জন পরীক্ষায় হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন।
জেলাভিত্তিক হিসাবে, সিলেটে ৭৯ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হননি। একই সময়ে সন্দেহভাজন হামে নতুন কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
আজকের সিলেট/ জেকেএস









