সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ একজন, জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চরনারচর ইউনিয়নের পেরুয়া বক্তারপুর এলাকায় শামীম মিয়ার বাড়ির পশ্চিম পাশে একটি কাঁচা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৯৬ পিস ইয়াবাসহ হুমায়ুন কবির (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও পশ্চিমপাড়া এলাকার নুর মিয়ার ছেলে।
অন্যদিকে, রাজানগর ইউনিয়নের গচিয়া বাজারের মাছের বাজারের সামনে পাকা সড়ক থেকে সজিব মিয়া (৩৮)কে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, তিনি মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করছিলেন। সজিব গচিয়া গ্রামের মৃত আকিল মাহমুদের ছেলে।
এ ছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি হাছন মিয়া (৩৫) ও হোছন মিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনই দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের রম উল্লা ওরফে করিমের ছেলে।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








