সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ১৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি। এতে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার হওয়া আসামিসহ মোট ২৪ জনকে আটক করা হয়।
অন্যদিকে, সড়কে শৃঙ্খলা ফেরাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় এসএমপির ট্রাফিক বিভাগ। এতে ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৪টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।
নিরাপদ সিলেট গড়ার লক্ষ্যে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানিয়েছে মহানগর পুলিশ।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








