সুনামগঞ্জে এক দিনে দুই লাশ উদ্ধার, একজন নারী ও এক যুবক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ PM

সুনামগঞ্জে এক দিনে দুই লাশ উদ্ধার, একজন নারী ও এক যুবক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৫:৩২:০৬ PM

সুনামগঞ্জে এক দিনে দুই লাশ উদ্ধার, একজন নারী ও এক যুবক


সুনামগঞ্জে পৃথক দুটি ঘটনায় এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সুনামগঞ্জ সদর থানাধীন ধলাইড়পাড়ের একটি ডোবা থেকে নারীর লাশ এবং দুপুরে শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর কৃষ্ণতলা এলাকা থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী খাইরুন নেছা (৬৫) এবং জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে সুমন দত্ত (৩৩)।

পুলিশ জানায়, রবিবার সকালে সুনামগঞ্জ সদর থানার ধলাইপাড়ের উত্তরে একটি স্কুলের পাশের ডোবায় নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। শুরুতে তাঁর পরিচয় জানা না গেলেও পরে পরিচয় শনাক্ত করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে, শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর কৃষ্ণতলা এলাকার একটি খাল থেকে দুপুরে সুমন দত্তের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন সুমন দত্ত। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি জামালগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। রবিবার সকালে কুতুবপুর কৃষ্ণতলার পাশে খালে সুমনের লাশ ভাসতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ জানান, সুমন দত্তের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় তাঁর স্বজনদের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর