সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও অপর তিনজনকে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ঘটনাস্থলেই ভেঙে বিনষ্ট করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার নতুন ভাংগা হাওর, বিছানাকান্দি জিরো পয়েন্ট, গোরাগ্রাম ও মনোরতল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য ও আটক ব্যক্তিদের জবানবন্দি পর্যালোচনা করে তিনজনকে সরাসরি বালু উত্তোলনের সঙ্গে জড়িত না পাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়।
অন্য তিনজনকে অভিযোগের জন্য দোষী সাব্যস্ত করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী মোট এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে।
অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টাস্কফোর্সকে সহযোগিতার জন্য বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
তিনি বলেন, পরিবেশের ক্ষতি করে এবং আইন অমান্য করে যারা বালু বা মাটি উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও বিজিবি, পুলিশ ও আনসারের সহযোগিতায় টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
আজকের সিলেট/ জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








