হবিগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে ময়লার স্তূপ, দুর্ভোগে রোগী-স্বজন
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ AM

হবিগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে ময়লার স্তূপ, দুর্ভোগে রোগী-স্বজন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ১১:১০:১৮ AM

হবিগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে ময়লার স্তূপ, দুর্ভোগে রোগী-স্বজন


হবিগঞ্জের ৯টি উপজেলার মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতাল। অথচ এই হাসপাতালের প্রধান ফটকের সামনেই জমে উঠেছে ময়লার স্তূপ। হাসপাতালের বর্জ্য, খাবারের উচ্ছিষ্টসহ বিভিন্ন ধরনের আবর্জনা সেখানে ফেলা হচ্ছে নিয়মিত। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি দূষিত হচ্ছে হাসপাতালসংলগ্ন পরিবেশ। চরম ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজন, পথচারী এবং আশপাশের ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের প্রধান ফটকের পাশেই জমে আছে ময়লার স্তূপ। হাসপাতালের কর্মচারী ও আয়ারা ঝুড়িতে করে বর্জ্য এনে সেখানে ফেলছেন। একই স্থানে রোগী ও স্বজনদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং খাবারের উচ্ছিষ্টও পড়ে থাকতে দেখা গেছে। সময়ের সঙ্গে ময়লার পরিমাণ বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের সামনে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা থাকলেও তা যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় প্রবেশপথের কাছেই ময়লা জমে থাকছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। পাশের সড়ক দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। অনন্তপুর, শায়েস্তানগর, জঙ্গলবহুলাসহ আশপাশের এলাকার মানুষ নিয়মিত এই সড়ক ব্যবহার করেন। দুর্গন্ধের কারণে অনেকে এখন বিকল্প পথ বেছে নিচ্ছেন।

চিকিৎসা নিতে আসা তালেব মিয়া বলেন, রোগ নিরাময়ের জন্য হাসপাতালে এসে উল্টো দূষিত পরিবেশের কারণে অসুস্থ হয়ে পড়ার উপক্রম হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিং করলে প্রধান ফটকের সামনে এভাবে ময়লার স্তূপ জমে থাকার কথা নয়।

স্থানীয় ব্যবসায়ী রুবেল আহমেদ বলেন, “এটি জেলা সদর হাসপাতাল। অথচ হাসপাতালের প্রধান ফটকের সামনে এমন ময়লার ভাগাড় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুর্গন্ধের কারণে ফটকের সামনে দাঁড়ানোই কঠিন। এতে আশপাশের ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন।”

হাসপাতালের প্রধান ফটকের সামনে বর্জ্য জমে থাকার বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছেন হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ময়লা অপসারণের জন্য হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। শিগগিরই এসব ময়লা অপসারণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, শুধু একবার ময়লা সরিয়ে ফেললেই সমস্যার সমাধান হবে না। হাসপাতালের প্রধান ফটকের সামনে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণের পাশাপাশি নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর