ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সারা দেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ৯টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া অভিযানে বাজার এলাকার বিভিন্ন ড্রেন ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সরোয়ার আহমদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ এবং জেলা সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান।
এ ছাড়া গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
দেশজুড়ে ঘোষিত তিন মাসব্যাপী এ কর্মসূচির ধারাবাহিকতায় মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








