জিপিএমএসে সরকারি প্রচারে আরও গতি আসবে: গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ PM

জিপিএমএসে সরকারি প্রচারে আরও গতি আসবে: গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৩:১৭:৩৪ PM

জিপিএমএসে সরকারি প্রচারে আরও গতি আসবে: গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক


সরকারি কর্মসম্পাদন মূল্যায়নের নতুন পদ্ধতি ‘জিপিএমএস’ বাস্তবায়নের মাধ্যমে সরকারি দপ্তরের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মান আরও বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক এস এম আব্দুর রহমান। শনিবার কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বড়ইছড়ির উদ্যানতত্ত্ব বিভাগের সম্মেলন কক্ষে জিপিএমএস কর্মপরিকল্পনা অবহিতকরণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম আব্দুর রহমান বলেন, জিপিএমএস সরকারের জনমুখী প্রচার কার্যক্রম তথা গণযোগাযোগকে আরও বেগবান করবে। এ ব্যবস্থায় শুধু একটি দপ্তর কতগুলো উঠান বৈঠক, কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শনী বা গণসংলাপ করেছে—সেটিই বিবেচনায় নেওয়া হবে না। এসব কার্যক্রমের মাধ্যমে কত মানুষের কাছে উন্নয়ন বার্তা পৌঁছেছে, তারা তা কতটা গ্রহণ করেছে এবং এর কী ফলাফল হয়েছে, সেসব বিষয়ও মূল্যায়নের আওতায় থাকবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, জিপিএমএসের আওতায় তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো আরও পরিকল্পিত এবং ফলাফলভিত্তিকভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম।

দুই দিনব্যাপী কর্মশালায় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ এবং গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এতে জিপিএমএস কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি নির্ধারিত নির্দেশিকার আলোকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর