ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে সরকারি নিলামে কেনা ভারতীয় জিরার একটি ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বাহুবল মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে জিরার ট্রাকসহ তাদের আটক করে। আটক তিন জনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।
.তারা হলেন, জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক হেলাল মহালদার ও তার সহযোগী বিলাল মিয়া। হেলাল মহালদার স্থানীয় পশ্চিম জয়পুর গ্রামের হাজি খোর্শেদ মিয়ার ছেলে। বিলাল পার্শ্ববর্তী মামদনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নিলামে কেনা ১৭১ বস্তা জিরা ট্রাকে করে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে পরিবহন করা হচ্ছিল। শনিবার সকালে বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় ট্রাকটি আটকে দেন হেলাল মহালদার ও তার সহযোগীরা। পরে সেটি হেলালের বাবার মালিকানাধীন ‘নিরাপদ পেট্রোল পাম্প’-এর পেছনে নিয়ে রাখা হয়।
সেখানে জিরার মালিক মো. ওবায়দুল্লাহকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানার পর মালিকপক্ষ দ্রুত বাহুবল মডেল থানায় যোগাযোগ করে। পরে থানার ওসি মো. রুহুল আমিন তালুকদারের নির্দেশে টহল পুলিশ অভিযান চালায়। এ সময় হেলাল মহালদার ও বিলাল মিয়াকে আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভুগলী এলাকা থেকে জিরাবাহী ট্রাকটি উদ্ধার করা হয়।
বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি 








