মিঠাপুকুরে বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ PM

মিঠাপুকুরে বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৩:০৬:৪১ PM

মিঠাপুকুরে বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি


সবুজায়ন ও পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে রংপুরের মিঠাপুকুরে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বেনুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ আয়োজন করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক সরোজ বড়ুয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক উৎফল বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভানন্দ ভিক্ষু।

এ সময় বিহার প্রাঙ্গণে কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রংপুর অঞ্চলের সভাপতি দেবাশীষ মিনজী, সহ সভাপতি জিতেন মিনজী, সাধারণ সম্পাদক বিনয় তিগ্যা, অর্থ সম্পাদক সুবির মিনজী, সদস্য চয়ন বাকলা, আকাশ খালকো, তপন মিনজী, প্রতয়, সুজিত মিনজী, রনি তিগ্যা, রিয়ন পান্নাসহ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ভদন্ত শুভানন্দ ভিক্ষু বলেন, “বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ।” বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেনুবন বৌদ্ধ বিহারকে বৃক্ষরোপণের জন্য বেছে নেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্য, পানি ও অক্সিজেনসহ নানা উপায়ে মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল। তাই প্রকৃতি ধ্বংস না করে বৃক্ষরোপণ ও গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই পরিবেশ রক্ষার দায়িত্ব শেষ হয় না। রাস্তাঘাট, বিহার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে দেশব্যাপী বৃক্ষরোপণের ধারাবাহিকতা বজায় রাখা এবং রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্ব দেন বক্তারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর