ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে পরিচ্ছন্নতা অভিযান শুরু
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ PM

ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে পরিচ্ছন্নতা অভিযান শুরু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৭:৩২:০৮ PM

ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে পরিচ্ছন্নতা অভিযান শুরু


মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর স্থানীয় কর্মসূচি শুরু হয়েছে। 

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সমন্বিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযানের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

দেশব্যাপী তিন মাসব্যাপী এ কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে জেলা প্রশাসনও অনলাইনে যুক্ত হয়ে কর্মসূচিতে সম্পৃক্ত হয়।

কেন্দ্রীয় উদ্বোধনের পর মৌলভীবাজারে স্থানীয় কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযানটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে চৌমুহনা পয়েন্টে যায়। পরে সেন্ট্রাল রোডসহ শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় মশক নিধনে ফগিং করা হয়। পাশাপাশি জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিং করে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে মানুষকে সচেতন করা হয়।

এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে থাকা বিলবোর্ড, ব্যানারসহ অপ্রয়োজনীয় প্রচারসামগ্রী অপসারণ করা হয়। এর মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে মৌলভীবাজারের ডিসি তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), বাংলাদেশ স্কাউটস এবং মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সরকারি উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আওতায় আগামী তিন মাস প্রতি শনিবার দেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর