সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮২ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসব অভিযানে ভারতীয় পণ্য আটকের পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ ও বারকী নৌকাও জব্দ করা হয়েছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন বাংলাবাজার, সংগ্রাম, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি ও উৎমা বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় জিরা, চকলেট, চিনি, কসমেটিকস, চা পাতা, বিস্কুট ও গরুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন, শিং মাছ ও বারকী নৌকা আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৮২ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য পাচার বন্ধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








